ব্রেকিং আমাদের ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে কল করুন: 6296106230

প্রচ্ছদ › পশ্চিমবঙ্গ

বিজ্ঞাপনSnehasish Sahoo

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে এক কোটির বেশি নগদ উদ্ধার, টাকার উৎস নিয়ে তোলপাড় রাজনীতি

পশ্চিমবঙ্গ · প্রতিবেদক: স্নেহাশীষ সাহু · 05 Nov 2026, 10:05 AM · আপডেট: 05 Nov 2026, 04:36 AM

দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের একটি কার্যালয়ে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারীরা। এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। 
পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার সকালে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। জানা গিয়েছে, কালিতলা-আশুতি থানায় মাটি চুরির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সুমিতকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছিল। 
পুলিশ সূত্রে খবর, যে দলীয় কার্যালয় থেকে টাকা মিলেছে, সেটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে পরিচিত। বুধবার সাংবাদিক বৈঠক করে উদ্ধারের কথা জানান ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার। 
তবে এত নগদ টাকা কেন দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল, তা কোথা থেকে এল এবং এর সঙ্গে আর কারা জড়িত, সে সবই এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
ঘটনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এস্টেট ব্যবসায় বিনিয়োগ হচ্ছে, বেনামে জমি কেনা হচ্ছে এবং বিপুল টাকা বিদেশেও পাচার করা হয়েছে। সরিষার ঘটনাকে কটাক্ষ করে তিনি 'রোজকার রোজগার' বলেও মন্তব্য করেন। 
অন্যদিকে, তৃণমূলের তরফে এই অভিযানকে ঘিরে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পরিকল্পিতভাবে ভুয়ো প্রমাণ সাজানোর অভিযোগ তুলেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। 
টাকার উৎস ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে পুলিশের তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সম্পর্কিত খবর